ঈদে পরিবহনে বাড়তি ভাড়া আদায় করলে বাস বন্ধ করে দেওয়া হবে উল্লেখ করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা বলেছেন, অনেক পরিবহনই ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় করে। যেসব বাস কোম্পানি সুনামের সঙ্গে কাজ করছে তাদের কোনো বাস যদি ভাড়া বেশি নেয়, তাহলে আমাদের জানাবেন। আমাকে জানাবেন, ব্যবস্থা নেব। প্রয়োজনে স্পটে উপস্থিত হব। অভিযোগ পেলেই আমরা সেখানে যাব। কোন কোন জায়গায় কারা বাড়তি ভাড়া নিচ্ছে, তা আমরা শনাক্ত করব। ওই গণপরিবহনের চলাচল বন্ধ করে দেওয়া হবে।
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে মহাসড়ক/সড়কপথে যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
রাঙ্গা বলেন, এবারের ঈদে সম্ভাব্য কোন এলাকায় জট, যানজট বা ব্লক তৈরি হতে পারে, তা চিহ্নিত করা হয়েছে। আমরা এবার হাইওয়েতে ঈদযাত্রায় ড্রোনের সহায়তা নিচ্ছি। ড্রোনের সহায়তায় অবস্থা দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারব। হাইওয়ের অনেক রাস্তা চার লেন হচ্ছে। কোথাও কোথাও হয়ে গেছে। এখন রাস্তায় যদি কোনো যানবাহন তাৎক্ষণিক অকেজো হয়ে পড়ে, তাহলে সেটি এখনো সরানো সহজ হবে। ত্রুটিপূর্ণ কোনো যানবাহন যাতে ঈদে সড়কে না নামে, তা নিশ্চিত করতে আমরা নির্দেশনা দিয়েছি।
তিনি বলেন, ঈদে আমরা সবাই একসঙ্গে যেতে চাই। তা না করে আমরা ভাগ ভাগ করে, আগে বা পরেও যেতে পারি। তাহলে পাঁচ-সাত বা আট ঘণ্টার মধ্যেই গন্তব্যে যেতে পারব। ঈদের দুদিন আগেই যেতে হবে, ব্যাপারটা তেমন নয়। জনসংখ্যার তুলনায় গণপরিবহন আমাদের অনেক কম। হজের সময় সৌদিতে সরকার বাস ভাড়া করে। আমাদের এখানে ঈদে সে ধরনের কোনো ব্যবস্থা নেই। তাই আপনি আরও আগে বা ঈদের পরও যেতে পারেন। আমরা আশ্বস্ত করছি, ঈদযাত্রা স্বস্তির হবে।
মহাখালী বাস টার্মিনালের সামনে তো সড়কই নেই, সড়ককেই টার্মিনাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি এখান থেকে বের হয়েই আগে মহাখালী যাবো। দেখি সেখানে কি সমস্যা। আবারো বলছি, যারাই অবৈধ পার্কিং করছে, অতিরিক্ত বাড়াবাড়ি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব বলেও জানান তিনি।
লাশ নিয়ে থানা ঘেড়াও, পুলিশের লাঠিচার্জ
পর্যটন শিল্পের উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত