অসুস্থ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ খবর কলকাতার চলচ্চিত্রপাড়ায় দুশ্চিন্তা ছড়িয়েছে। তবে এ বিষয়ে সব্যসাচীর পরিবার কিছুই জানাচ্ছে না গণমাধ্যমকে। শোনা গেছে, সব্যসাচীর পেসমেকার বসানো হতে পারে।
অভিনেতার স্ত্রী মিঠু চক্রবর্তী কোনো তথ্য না জানালেও এটা নিশ্চিত করেছেন ফেলুদাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মিঠু বলেন, "আমি এখন খুব ব্যস্ত। ও বেলায় গিয়ে পরিস্থিতি দেখে তার পর মন্তব্য করব।"
সম্প্রতি পুত্র গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের সন্তান ধীরের অন্নপ্রশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী। নিজে দাঁড়িয়ে থেকে সব কিছুর তদারকি করেছেন। নাতির সঙ্গে সময় কাটাতে যে পছন্দ করেন সব্যসাচী, সে কথাও এর আগে জানিয়েছিলেন গৌরব। আপাতত সব্যসাচীর শারীরিক অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীদের একাংশ।
গত বছর শোনা গিয়েছিল, সব্যসাচী নাকি আর অভিনয় করবেন না। বাংলাদেশের একটি সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছিলেন অবসর নেওয়ার কথা। তবে পরে তিনি আনন্দবাজার অনলাইনকে জানান, তাঁর বক্তব্যের অন্য মানে বার করা হয়েছে। অভিনয় কম করলেও তিনি যে অবসর গ্রহণ করেননি, সে কথাও স্পষ্ট করেছিলেন অভিনেতা।
সম্প্রতি জানা গেছে, তিনি শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরাণী’ ছবিতে অভিনয় করছেন।
এখনকার মেয়েদের শাড়ির আঁচল ঠিক থাকে না : মমতাশঙ্কর
মাদরাসার ছাত্রদের নিয়ে যা বললেন জয়া আহসান