ট্রাক্টরের ধাক্কায় ব্যাংক কর্মকর্তাসহ প্রাণ গেল দুজনের

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৪:০৮ পিএম

নীলফামারীতে ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (২০ মার্চ) সকাল ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের জোড়দরগা এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর নিজ পাড়া এলাকার রিয়াজ উদ্দীনের ছেলে আবু তাহের (৫২) ও নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আসাদ আলী প্রামানিকের ছেলে নুরে আলম সিদ্দিকী। নুরে আলম সিদ্দিকী মার্কেন্টাইল ব্যাংকের নীলফামারী শাখায় অফিসার ও আবু তাহের জলঢাকা মৎস্য অফিসের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

প্রতক্ষদর্শীরা জানান, সৈয়দপুর শহর থেকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নীলফামারীর দিকে যাচ্ছিল। এ সময় সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের জোড়দরগা এলাকায় বিপরীত দিক থেকে একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিনজন। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে আহতদের হাসপাতালে পাঠান। পরে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে জেলা মর্গে পাঠায়।

নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে আমাদের একজন পুলিশ সদস্যও রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত