হাতিয়ায় সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৪:২৯ পিএম

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফররত সুইডেনের রাজকন্যা প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে ভ্রমণে গেছেন। আজ বুধবার (২০ মার্চ) সকালে হেলিকপ্টারযোগে বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড়দেইল এলাকায় যান তিনি।

নোয়াখালী-৬ হাতিয়া আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী, সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম হেলিপ্যাডে প্রিন্সেসকে স্বাগত জানান।

বাংলাদেশ সফররত সুইডেনের রাজকন্যা প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে।

নোয়াখালী জেলা প্রশাসন সূত্র জানায়, ১৮ থেকে ২১ মার্চ  জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপির) শুভেচ্ছাদূত হিসাবে বাংলাদেশ সফরে আছেন সুইডিশ রাজকন্যা ভিক্টোরিয়া। এ সফরের অংশ হিসাবে সুইডিশ রাজকন্যা আজ সকালে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের নতুন স্লুউস বাজার পরিদর্শন করেন এবং গুচ্ছগ্রামের জেলে পরিবারের সঙ্গে কথা বলেন।

তিনি নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেন। তারপর তিনি হেলিকপ্টারযোগে ভাসানচর যান এবং সেখানে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দুইটি এলাকা পরিদর্শন করেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের জীবন-জীবিকা অবলোকন করেন।

বাংলাদেশ সফররত সুইডেনের রাজকন্যা প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম বলেন, রাষ্ট্রীয় অতিথির হাতিয়ায় আগমন উপলক্ষে বিভিন্ন স্থানে প্রায় ২০০ পুলিশ ও র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড মোতায়েনসহ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত