বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, ১২ শ্রমিক নিহত

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৫:৪৭ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানে একটি কয়লা খনিতে বিস্ফোরণের পর ১২ জন খনি শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরো আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার (২০ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স ও পাকিস্তানের দ্য ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

এদিন সকালে বেলুচিস্তান প্রদেশের খনি পরিদর্শক আব্দুল গনি বালোচ বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। বিস্ফোরণের সময় খনিতে ২০ জন শ্রমিক ছিলেন। হারনাই জেলার ওই খনি থেকে উদ্ধারকারী দল ১২টি মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে দুটি মরদেহ রাতে এবং বাকি ১০টি ভোরে উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, মিথেন গ্যাসের কারণে খনিতে বিস্ফোরণ হয়। তদন্তকারীরা এখনো বিস্ফোরণের কারণ জানতে কাজ করছে। জীবিতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়া খনি শ্রমিকের সংখ্যা ছয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে দুর্ঘটনায় নিহতদের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

পাকিস্তানের পশ্চিমাঞ্চলের বেশির ভাগ কয়লা খনিগুলো আফগান সীমান্তের কাছে অবস্থিত। সাধারণত খনিতে গ্যাস তৈরির কারণে এ ধরনের দুর্ঘটনাগুলো ঘটে। তবে খনি শ্রমিকরা অভিযোগ করেছেন, নিরাপত্তার অভাব এবং কাজের পরিবেশ ভালো না হওয়ায় ঘন ঘন দুর্ঘটনা ঘটছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত