কিশোরগঞ্জের ভৈরবে এক ব্যবসায়ীকে পিটিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ভৈরব পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাব্বির মিয়া (২০) ও তার ভাই সাদির মিয়া (২৪) সহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৫ লাখ টাকার মধ্যে ৩ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সাব্বির ও সাদির পৌর শহরের চন্ডিবের দক্ষিণপাড়া এলাকার মিলন মিয়ার ছেলে। অন্য দুজন হলো- একই এলাকার সালাম মিয়ার ছেলে সোহাগ এবং মনির মিয়ার ছেলে আরিয়ান।
বুধবার (২০ মার্চ) দুপুরে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিকুল ইসলাম তার অফিসে এক সংবাদ সম্মেলনে জানান, গত রবিবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিশিষ্ট ব্যবসায়ী মোক্তার হোসেন মোটরসাইকেল যোগে ব্যাগে করে পাঁচ লাখ টাকা নিয়ে ভৈরব বাজার থেকে নিজবাড়ি শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি যাচ্ছিলেন। পথিমধ্যে চন্ডিবের ব্রিজের কাছে পৌঁছলে ছিনতাইকারী সোহাগ মিয়ার নেতৃত্বে ৪ জন দুটি মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্র ঠেকিয়ে তার গতিরোধ করে পিটিয়ে পাঁচ লাখ টাকাসহ ২১ হাজার টাকা মূল্যের একটি মোবাইলসেট ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ওই ব্যবসায়ী গতকাল (১৯ মার্চ) মঙ্গলবার থানায় মামলা দায়ের করলে তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ওইদিন সন্ধ্যা ৬টার দিকে চন্ডিবের পুরাতন ফেরিঘাটের মির্জা চত্বর এলাকা থেকে প্রথমে সোহাগকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের ২১০০ টাকা উদ্ধার করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সাব্বির ও সাদিরকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় আরও সাড়ে ৩ লাখ টাকা। এরপর ৪০ হাজার টাকা উদ্ধারসহ গ্রেপ্তার করা হয় আরিয়ানকে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই করা পাঁচ লাখ টাকার মধ্যে ৩ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি এ সময় আরও জানান, আসামি সোহাগ মিয়াকে কিশোরগঞ্জ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ভৈরব পৌর ছাত্রলীগের সভাপতি ছালেম রহমান মিকদাত জানান, তার সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সাব্বিরের ছিনতাই ঘটনায় গ্রেপ্তার হওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে তিনি জেনেছেন। দলীয় ফোরামে আলোচনা করে সাব্বিরের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
