বিজয় এক্সপ্রেস লাইনচ্যুতির পাঁচ দিন পর ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০১:৪৩ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির পাঁচ দিন পর ঢাকা চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ৯টি বগির মধ্যে ৮টি বগি উদ্ধার করা হয়েছে, বাকি রয়েছে আরও একটি বগি। আজ বৃহস্পতিবারের মধ্যে এটিও উদ্ধার করা হবে জানান চট্টগ্রাম বিভাগ রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম।

তিনি আরও বলেন, গত বরিবার দুপুরে বিজয় এক্সপ্রেস ট্রেনের ১৮টি বগির মধ্যে ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ওই দিন রাতে চট্টগ্রাম ও আখাউড়া থেকে দুটি উদ্ধার ট্রেন এনে উদ্ধার কাজ শুরু করি। এতে ১০০ জন শ্রমিক রাতভর করে ১৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করি। ডাউন লাইন দিয়ে দুদিকের ট্রেন চলাচল করে। গতরাতে আপ লাইনের কাজ শেষ করা হয়। বর্তমানে আপ এবং ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। ৩০০ মিটার রেললাইন ও চারটি কোচের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এখনো ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

উল্লেখ, রবিবার দুপুর ১টা ৪০ মিনিটে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশন সংলগ্ন ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অন্তত ২৫ জন। লাইনচ্যুত হওয়ার পর বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ফলে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৩০০ মিটার রেললাইন। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত