বগুড়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ২ বন্ধুর

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৮:৪৪ পিএম

বগুড়ার কাহালুতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় জেমস ও সোহান নামের দুই বন্ধু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবারের এ ঘটনায় আহত হয়েছেন তাদের আরও এক বন্ধু। দুপুর একটার দিকে উপজেলার মালঞ্চা-রানীরহাট সড়কে এ ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামের শিবলু রহমান জেমস (১৭), সোহানুর রহমান সোহান (১৭) ও গুরুতর আহত একই গ্রামের রাশেদুল ইসলাম (১৮)। তারা একে অপরের বন্ধু। হতাহতদের মধ্যে জেমস এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। সোহান লেখাপড়া করে না। আর গুরুতর আহত রাশেদুল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে।

কাহালু থানা পুলিশ জানায়, তিন বন্ধু মোটরসাইকেল যোগে কাহালু উপজেলার ইন্দুখুর বাজারে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে মুলার সাঁকো নামক স্থানে দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তিনজনই সড়কের ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই শিবলু রহমান জেমস মারা যান। স্থানীয় লোকজন অপর দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়ার পথে সোহানুর রহমান সোহান মারা যান। গুরুতর আহত অবস্থায় রাশেদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, নিহত দুইজনের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত