কিছুদিন আগেই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানা গিয়েছিল। এবার দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর এসেছে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের।
শুক্রবার দেওয়া এক ভিডিও বার্তায় কেট মিডলটন নিজেই তার ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান। তবে তিনি সুস্থ আছেন এবং তার চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন তিনি। খবর বিবিসি।
ভিডিওতে কি ধরনের ক্যানসার বা কোন পর্যায় সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে কেনসিংটন প্যালেস বলছে যে, রাজকুমারী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন তা নিশ্চিত।
৪২ বছর বয়সী প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন জানান, গত জানুয়ারি মাসে তার পেটে একটি অস্ত্রোপচার হয়েছিল। সে সময়েও ক্যানসারের কথা জানতেন না তারা। এরপর তার কিছু মেডিকেল টেস্ট হয়। সেসব টেস্টের রিপোর্টে জানা যায় তিনি ক্যানসারে আক্রান্ত।
ভিডিওতে কেট বলেন, ‘আমার মেডিকেল টিম আমাকে পরামর্শ দিয়েছে প্রতিরোধমূলক কেমোথেরাপির একটি কোর্স সম্পন্ন করতে এবং আমি এখন সেই চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আছি।‘
ভিডিওতে কেট স্বীকার করেন যে, তার কাছে এই ক্যানসারের খবর বেশ বড় ধাক্কা। তিনি বলছেন, ‘এটি অবশ্যই একটি বিশাল ধাক্কা হিসাবে এসেছে এবং উইলিয়াম যা যা করা দরকার করছে এবং পরিস্থিতিকে যেভাবে মোকাবিলা করা দরকার আমাদের এই কমবয়সী পরিবারের জন্য, তাই করছি’।
এদিকে কেটের সব খবরাখবর নেওয়ার পাশাপাশি তার সাথে সার্বক্ষনীক খেয়াল রাখছে ব্রিটিশ পরিবার। এছাড়া প্রিন্স হ্যারি এবং মেঘান কেটের সুস্বাস্থ্য ও ক্যানসার নিরাময় আশা করে বার্তা পাঠিয়েছে।
বিবিসি জানায়, ধারণা করা হচ্ছে রাজকুমারী কেট এবং প্রিন্স উইলিয়াম ইস্টারে রাজপরিবারের সাথে একত্রে উপস্থিত নাও হতে পারেন এবং রাজকুমারী খুব দ্রুত তার দায়িত্বে ফিরে আসতে পারছেন না।
মস্কোয় কনসার্ট হলে গুলি-বিস্ফোরণ, নিহত বেড়ে ৬০