আজ রবিবার (২৪ মার্চ) সকাল থেকে ঈদযাত্রার আগাম ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এবারও অনলাইনে টিকিট কিনতে হচ্ছে।
টিকিট বিক্রির ওয়েবসাইট ও অ্যাপের সার্ভারের (তথ্যভান্ডার) ওপর চাপ কমাতে টিকিট দেওয়া (ইস্যু) শুরু করা হয়েছে দুই ধাপে। প্রথম ধাপে সকাল ৮টা থেকে শুরু হবে পশ্চিমাঞ্চলে (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) চলাচলরত ট্রেনের টিকিট বিক্রি। আর পূর্বাঞ্চলে (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) চলাচল করা ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
আগামী ১১ এপ্রিল ঈদ হবে ধরে নিয়ে এবারের ঈদযাত্রার সূচি সাজিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সে অনুযায়ী আজ রবিবার টিকিট বিক্রি হচ্ছে ৩ এপ্রিল ট্রেন যাত্রার। টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত, সেদিন বিক্রি হবে ৯ এপ্রিলের টিকেট।
২৫ মার্চ দেওয়া হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ দেওয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ দেওয়া হবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ দেওয়া হবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ দেওয়া হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট, ৩০ মার্চ দেওয়া হবে ৯ এপ্রিলের টিকিট।
ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে। সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে।
