ভোটে দাঁড়াবেন নেহা শর্মা

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০১:৪৮ পিএম

লোকসভা ভোটে বিহারের ভাগলপুর আসন থেকে প্রার্থী হতে পারেন বলিউড এবং দক্ষিণী অভিনেত্রী তথা মডেল নেহা শর্মা। শনিবার নেহার বাবা তথা ভাগলপুরের কংগ্রেস বিধায়ক অজয় শর্মা এ ইঙ্গিত দেন।

অজয় শনিবার বলেন, বিহারে শরিক দলগুলোর মধ্যে আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। আলোচনা চলছে। তবে ভাগলপুর লোকসভা আসনটি কংগ্রেসের পাওয়া উচিত। কারণ এটি আমাদের শক্ত ঘাঁটি। যদি আমরা এই আসনটি পাই, তবে কে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তা দলের হাইকমান্ড ঠিক করবে। যদি দল আমাকে প্রশ্ন করে বলব, আমার মেয়ে নেহা শর্মা এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমাদের অপেক্ষা করতে হবে।

‘ক্রুক’, ‘ইয়াঙ্গিস্তান’, ‘তুম বিন ২’-এর মতো সিনেমার নায়িকা নেহা ২০২০ সালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘তানাজি’ ছবিতেও অভিনয় করেছিলেন। তেলুগু চলচ্চিত্রেরও পরিচিত মুখ তিনি। মডেল হিসেবেও তার পরিচিতি আছে। তার বোন আয়েশা সোশালে খুবই জনপ্রিয়। ভারতীয় শাস্ত্রীয় কত্থক নৃত্যশৈলীতে প্রশিক্ষিত নেহা লন্ডনের ‘পাইনঅ্যাপল ডান্স স্টুডিও’-র প্রাক্তন ছাত্রী।

২০০৭ সালে দক্ষিণ ভারতীয় পরিচালক পুরী জগন্নাথের হাত ধরে ‘চিরুথা’ ছবিতে আত্মপ্রকাশ নেহার। ছবিতে চিরঞ্জীবীপুত্র রাম চরণের বিপরীতে অভিনয় করেন তিনি। এর পর ২০০৯ সালে ‘কুরুদ্দু’ নামে একটি তেলুগু ছবিতেও নেহা অভিনয় করেন। নেহার বলিউডে আত্মপ্রকাশ ২০১০ সালে, ইমরান হাশমির বিপরীতে ‘ক্রুক’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। ছবিটি বক্স অফিসে সাফল্যও পায়।

নেহার বাবা অজিত বিশিষ্ট ব্যবসায়ী। ২০১৪-এর উপনির্বাচন থেকে টানা তিনবার ভাগলপুর বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত