গত রাতে রাজধানীজুড়ে ঝোড়ো বাতাসের সঙ্গে শিলা বৃষ্টি হয়েছে। আজ রবিবার বিকেলেও রাজধানী ঢাকাতে মুষলধারে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সঙ্গে ঝড়ো বাতাস ও শিলা পড়তে পারে।
রবিবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
সন্ধ্যা ৬টার পরবর্তী ৪৮ ঘণ্টায় অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।
এর পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি
হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে রাষ্ট্রীয় সংস্থাটি জানিয়েছে, এ সময়ে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে সর্বোচ্চ (৬৩ মিলি) বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলি উপজেলায়। এই উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রাও ছিল গত ২৪ ঘণ্টায়। ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল নিকলিতে। আর সর্বোচ্চ তাপমাত্রা (৩৫.২) ছিল বাগেরহাটের মোংলা এবং যশোরে।
ঝড়-বৃষ্টির মধ্যেও একদিনে ৩ আগুন