খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ এবং তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় দৌলতপুর সাহাপাড়া এলাকায় একটি কারখানায় জেলা প্রশাসন, ওষুধ প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযানের মাধ্যমে এসব উদ্ধার হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত মাসুদ সরদার নামে কারখানার এক কর্মচারীকে দেড় বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
খুলনার ড্রাগ সুপার নবী নেওয়াজ নিলয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দৌলতপুর সাহাপাড়া এলাকায় একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়। সেখানে মাসুদ সরকার নামে এক কর্মচারীকে পাওয়া যায়। তাকে দিয়ে নকল ওষুধ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। তবে মালিকসহ চক্রটির অন্যান্য সদস্যদের পাওয়া যায়নি।
খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, অভিযানে বিপুল পরিমাণে নকল ওষুধ, ওষুধের কাঁচামাল, ফয়েল পেপার, ওষুধের ব্যবহার বিধি নির্দেশনাপত্র, প্যাকেজিং ম্যাটারিয়াল, ওষুধ তৈরির সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। এ সময় প্রায় ৮০ কেজি বস্তাবন্দী নকল ওষুধ, বিক্রির জন্য প্রস্তুত ৫০০ প্যাকেট ওষুধ জব্দ করা হয়। তারা মোনাস টেন, অ্যান্টিবায়োটিকসহ ২০-২৫ প্রকার নকল ওষুধ অবৈধভাবে তৈরি করে দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে আসছিল।
