ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

‘আমাদের ফোরামের প্রভাবশালী নেতা আ. লীগ পন্থীদের ওয়াকওভার দিতে চেয়েছিলেন’

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৯:১১ পিএম

বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিদ্ধান্তের বিষয়ে ফোরামের একজন ‘প্রভাবশালী’ ও ‘রহস্যময়’ নেতার দিকে ইঙ্গিত করে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ওই নেতা আওয়ামী লীগপন্থী প্রার্থীদের ওয়াকওভার দিতে চেয়েছিলেন। 

বুধবার (২৭ মার্চ) দেশ রূপান্তরকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মাহবুব উদ্দিন খোকন এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘সুপ্রিম কোর্ট বারে পুন:নির্বাচন আমারও দাবি। এই নির্বাচনে যদি সুষ্ঠুভাবে ভোট গণনা হতো তাহলে আমরা সভাপতিসহ ১২টি পদে বিজয়ী হতাম। আমি সভাপতি পদে ২ হাজার ভোটে জয়ী হতাম। নির্বাচিত হয়েও আমি কিন্তু সভাপতি পদসহ পুনঃনির্বাচন চেয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশন সেটা গ্রহণ করেনি।’ তারা (জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম) দাবি করেছে পুনঃনির্বাচন। যেহেতু এখনও আনুষ্ঠানিকবাবে ফলাফলে গেজেট হয়নি সে কারণে হয়তো তারা এই দাবি জানিয়েছে। আগামী মাসের ২ এপ্রিল এর আগে ফলাফলের গেজেট হবে না। সেজন্য পুনঃনির্বাচনে দাবিতে এখনও অটল আছি। আর যদি পুনঃনির্বাচন নাও দেয় তাহলেও তো আমি সভাপতি হিসেবে আছি। এটা তো (সভাপতি পদ)  স্বয়ংক্রিয়ভাবে হবে।’  

তিনি বলেন, ‘আমাদের ফোরামের একজন প্রভাবশালী নেতার ভূমিকা রহস্যজনক। এটা কিন্তু সবাই জানে। সেই নেতা ভোট গণনা ছাড়াই সরকারের মদদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ওয়াকওভার দিতে চেয়েছিল। এটা আইনজীবীদের মুখে মুখে চাওর হয়ে আছে। সেই নেতার বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি যে, তিনি কেন ওয়াকওভার দিতে চেয়েছিল। তবে, সেই নেতার নাম এখনি বলছি না। পরে প্রকাশ করবো।’ 

ফোরামের সিদ্ধান্ত মানবেন কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত মানি বা না মানি ফলাফলের আনুষ্ঠানিক গেজেট হলে তো এটা সয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।’  

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত