বাল্টিমোর সেতু ধস, দুইজনের মরদেহ উদ্ধার

  • সেতু ধসে নিহত ছয়জনের মধ্যে এখন পর্যন্ত চারজনের নাম জানা গেছে বলে জানিয়েছে পুলিশ
  • নদীতে কংক্রিট এবং ধ্বংসাবশেষের কারণে ডুবুরিরা নিরাপদে পানিতে চলাচল করতে পারছে না
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১০:৫৫ এএম

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনায় ডুবে যাওয়া একটি পিকআপ ট্রাক থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

গত সোমবার পণ্যবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ে যাওয়ার সময় সেতুতে কাজ করা অবস্থায় আটজন নির্মাণ শ্রমিক পানিতে ডুবে যায়। তাদের মধ্যে দুইজনকে সোমবার দিনই উদ্ধার করা হয়েছিল।

নিখোঁজ ছিথাকা ছয়জনের মধ্যে দুজনের মরদেহ পাওয়া গেল। বাকি চারজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। তবে তাঁরা বেঁচে নেই বলে ধারণা কর্তৃপক্ষের।

এদিকে সেতু ধসে নিহত ছয়জনের মধ্যে এখন পর্যন্ত চারজনের নাম জানা গেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার একটি প্রেস কনফারেন্সে, মেরিল্যান্ড অঙ্গরাজ্য পুলিশ জানায় যে, ডুবে যাওয়া ট্রাকের ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধারকৃতদের নাম হল আলোজান্দ্রো হার্নান্দেজ ফুয়েন্টেস (৩৫) ও ডরলিয়ান রনিয়াল ক্যাস্টিলো ক্যাবরেরা (২৬)। ফুয়েন্টেস মেক্সিকো ও ক্যাবরেরা গুয়াতেমালার বাসিন্দা ছিলেন।

অন্যদিকে নিখোঁজ চারজনের মধ্যে দুজন হলেন এল সালভেদরের মিগুয়েল লুনা ও হন্ডুরাসের মেনর সুয়েজো স্যানডোভাল।

পুলিশ জানিয়েছে, কিন্তু নদীতে কংক্রিট এবং ধ্বংসাবশেষের কারণে ডুবুরিরা নিরাপদে পানিতে চলাচল করতে পারছে না। এই কারণে সোনার স্ক্যান ব্যবহার করছেন তারা। তাদের ধারণা, পানিতে ডূনে যাওয়া যানবাহনগুলিতে আরও দেহ থাকতে পারে।

এদিকে দুর্ঘটনার পর পণ্যবাহী জাহাজটি এখন পর্যন্ত নিরাপদ অবস্থায় আছে বলে কর্মকর্তারা জানান। তবে এটিতে ১৫ লাখ গ্যালনের বেশি জ্বালানি তেল ও লুব অয়েল রয়েছে। এ ছাড়া পণ্যবোঝাই প্রায় ৪ হাজার ৭০০ কনটেইনার রয়েছে এটিতে। এসব কনটেইনারের ৫৬টিতে রয়েছে বিপজ্জনক উপকরণ।

গত সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে পাতাপসকো নদীর মুখে ফ্রান্সিস স্কট কি সেতুর একটি ভিত্তিস্তম্ভের সঙ্গে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ দালির সাথে ধাক্কা লাগে। ধাক্কা লাগার সাথে সাথে সেতুটির একটি অংশ বরফশীতল পানিতে ভেঙে পড়ে। এতে সেতুতে থাকা গাড়ি ও মানুষ নদীতে পড়ে যায়।

জাহাজটি বাল্টিমোর পোতাশ্রয় থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছিল। দুর্ঘটনার আগে জাহাজটির ‘বিদ্যুৎ–সংযোগব্যবস্থা’ অকার্যকর হয়ে পড়েছিল বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত