‘পাকিস্তানে’র ক্যাম্পে ডাক পেয়ে বিপদে ‘আমিরাতের’ উসমান

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৮:০৯ পিএম

উসমান খানের জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানে। ভাগ্যান্বেষণে আরব আমিরাতে গিয়ে ক্রিকেট খেলেন তিনি। এখনও সেখানকার জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন না করলেও ওয়ার্ক পারমিট অনুসারে খেলে থাকেন সেখানকার সব ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের ফিটনেস ক্যাম্পে সুযোগ পেয়ে এবার আমিরাত বোর্ডের রোষানলে পড়েছেন উসমান।   

আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে উসমান খানের চুক্তি লঙ্ঘন হয়েছে কি না সেটাই তদন্ত করছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, শুধু বোর্ডের সঙ্গে নয়, আইএল টি-টোয়েন্টি, টি–টেনসহ আরব আমিরাতের লিগগুলোতে উসমান স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলেছেন—সেসব লিগে উসমান কোনো চুক্তি ভঙ্গ করেছেন কি না, সেটাও তদন্ত করছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সবশেষ পিএসএল ফাইনালে মুলতান সুলতানসের হয়ে খেলেন উসমান। নাম কামিয়ে গেছেন বিপিএলেও। মারকুটে এই ব্যাটসম্যানকে নিজেদের দলে চাইছে পাকিস্তান। সে অনুযায়ী উসমান-পিসিবি আলাপ ইতিবাচক হওয়ায় জাতীয় দলের ২৮ জনের ক্যাম্পে ডাক পান উসমান। তবে ইসিবি যদি উসমানের দোষ পায় তাহলে আমিরাতে ঘরোয়া লিগ খেলার ব্যাপারে আসবে নিষেধাজ্ঞা। জাতীয় দলের হয়ে খেলা তাও আবার বিশ্বকাপ মঞ্চে! উসমান এখন কী করেন সেটাই দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত