সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৮:৩২ পিএম

সরকারের সমালোচনা করে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারি দলের একজন এমপি ঘোষণা দিয়েছেন নির্বাচনে তার এক কোটি ছাব্বিশ লাখ টাকা খরচ হয়েছে। তিনি আগে সেটা তুলবেন। সরকারের এমপিরা যেভাবে ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছেন, তাতে দেশ আবার তলাবিহীন ঝুঁড়িতে পরিণত হবে।

আজ বৃহস্পতিবার এবি পার্টির মাসব্যাপী গণইফতারের ১৭তম দিনে পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে গণইফতারে তিনি এই দাবি করেন।

কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল হালিম নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত গণ ইফতারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও যুবপার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে জনসংখ্যাকে আজ অভিশাপ মনে করা হচ্ছে। অথচ সরকারের অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা আর দুর্নীতিই দেশের জনসংখ্যাকে অভিশাপে পরিণত করেছে। আমাদের জনসংখ্যা আমাদের জনশক্তি, আশীর্বাদ। পৃথিবীর সকল উন্নত দেশে কর্মক্ষম জনশক্তির অভাব রয়েছে। আমরা যদি শিক্ষা ব্যবস্থা কর্মমুখী করতে পারি এই জনশক্তি দেশের জন্য অর্থের প্রধান উৎসে পরিণত হতে পারে। দেশে আজ সব কিছু দলীয়ভাবে অযোগ্যদের নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বিচারপতি পর্যন্ত আজ দলকানারা নিয়োগ পাচ্ছে। যার ফলে দেশের মেধাবী শিক্ষার্থীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না।

আজিজুল হক ইসলামাবাদী বলেন, এই সরকার মুসলিম হিসেবে দাবি করলেও তার কার্যক্রম ইহুদী নাসারার মতো। লুটপাট চালিয়ে দলের লোকজন কোটিপতি হচ্ছে কিন্তু সাধারণ মানুষের কোনো খবর নাই। এবি পার্টি আজ গণইফতারের যে কাজ করছে এটাই ইসলামের গুরুত্বপূর্ণ।

অ্যাডভোকেট রানা বলেন, রাষ্ট্রের দায়িত্ব ছিল জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা। কিন্তু দুঃখের বিষয় জনগণ নিয়ে ভাবার কেউ নাই। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে মানুষ আজ অনাহারে, অর্ধাহারে দিন কাটাচ্ছে।

এ বি এম খালিদ হাসান বলেন, আজ ১৭ রমজান। মুসলমানদের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে বদর যুদ্ধে বিজয়ের মাধ্যমে আমাদের প্রিয় নবী (সাঃ) সত্যের বিজয় নিয়ে এসেছিলেন। আজকের দিনে আমাদেরও শপথ নিতে হবে সকল দুঃশাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশেও আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করব, সত্যের পথে এগিয়ে যাব।

গণইফতারে আরো উপস্থিত ছিলেন এবি যুবপার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রমিজ, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মিলু, রিপন মাহমুদ, রুনা হোসাইন, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, যুবনেতা মো. মিঠু, এবি পার্টি পল্টন থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, সদস্য সচিব রনি মোল্লা, যাত্রাবাড়ী থানা আহবায়ক সিএমএইচ আরিফসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত