শিক্ষার্থীর হিসেবে এগিয়ে থাকলেও শিক্ষকতায় বহু পিছিয়ে নারীরা

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০১:০৯ পিএম

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী পর্যায়ে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে থাকলেও এখনো শিক্ষকতা পেশায় পিছিয়ে আছেন নারীরা। মোট শিক্ষকের মধ্যে মাত্র ২৮ শতাংশ নারী। বাকি প্রায় ৭২ শতাংশ পুরুষ। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) করা ‘বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান-২০২৩’-এর খসড়া প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) ব্যানবেইসে অডিটরিয়ামে আয়োজিত কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। এরপর এটি চূড়ান্ত আকারে প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।

কর্মশালায় এ তথ্য তুলে ধরেন ব্যানবেইসের পরিসংখ্যান বিভাগের প্রধান শেখ মো. আলমগীর। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, দেশে বর্তমানে মাধ্যমিক পর্যায় থেকে শুরু করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৯৬ হাজার ৬৯৫ জন। এর মধ্যে ছাত্রী ৫২ লাখ ১ হাজার ৮৯০ এবং ছাত্র ৫০ লাখ ৯৪ হাজার ৮০৫ জন। অর্থাৎ ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থী ১ লাখ ৭ হাজার ৮৫ জন বেশি। আর শতাংশের হিসাবে ছাত্রীর হার ৫০ দশমিক ৫২ শতাংশ এবং ছাত্র ৪৯ দশমিক ৪৮ শতাংশ।

এদিকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী পর্যায়ে গত কয়েক বছর ধরে ছাত্রীদের সংখ্যা বেশি দেখা গেলেও শিক্ষকতায় পিছিয়ে আছেন নারীরা। ব্যানবেইসের তথ্য বলছে- ২০২৩ সাল পর্যন্ত দেশে মোট শিক্ষক সংখ্যা ৬ লাখ ৪৬ হাজার ৩৯ জন। যার মধ্যে নারী শিক্ষক মাত্র ১ লাখ ৮২ হাজার ২৮৮ জন। বাকি ৪ লাখ ৬৩ হাজার ৭৫১ জন পুরুষ। মোট শিক্ষকের মধ্যে ৭১ দশমিক ৭৮ শতাংশ পুরুষ এবং ২৮ দশমিক ২২ শতাংশ নারী।

ব্যানবেইসের পরিসংখ্যান তুলে ধরে বিভাগের প্রধান শেখ মো. আলমগীর বলেন, আমরা তথ্য সংগ্রহ করে প্রতিবেদন করেছি। শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ, ছাত্রদের পিছিয়ে পড়া কিংবা নারীদের শিক্ষকতায় এখনো সেভাবে সরব উপস্থিতি না থাকার বিষয়টি সরকারের সংশ্লিষ্টরা এবং শিক্ষাবিদরা তুলে আনবেন। ঠিক কী কারণে এটা হচ্ছে, সেই ব্যাখ্যা প্রাথমিকভাবে দিতে পারব না। এখন আমাদের প্রতিবেদনের এ তথ্য ধরে সংশ্লিষ্টদের কাজ করার সুযোগ তৈরি হবে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের প্রধান নির্বাহী রাশেদা কে চৌধুরী মনে করেন, ছাত্রীরা এগিয়ে যাচ্ছে, এটা খুব বেশি দিনের নয়। আগে শিক্ষকতায় নারী আরও কম ছিল। এখন বাড়ছে। আগামী দিনে হয়তো আরও বাড়বে। তবে সরকারকে এ বিষয়ে উদ্যোগী হতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত