মেজর হাফিজের কাছে মুক্তিযুদ্ধের রোল মডেল যে ৩ জন

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৮:৩৪ পিএম

ব্যক্তিগত লাভের জন্য আওয়ামী লীগ দেশের সবকিছু ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.)  হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি, এতে কোনো সন্দেহ নেই। আজ শুক্রবার (২৯ মার্চ) রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ কামনায় এই ইফতার মাহফিলের আয়োজন করে বুয়েট ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মেজর হাফিজ উদ্দিন বলেন, আমি জিয়াউর রহমানকে খুব কাছ থেকে দেখেছি। তার মতো নেতা দেখিনি। তার ঘোষণায় অনেকেই উজ্জীবিত হয়েছেন। তার নেতৃত্বে আমরা ৫টি ক্যান্টনমেন্টে বিদ্রোহ ঘোষণা করেছিলাম। আজকে তাকে বলা হয়- বেতনভুক্ত কর্মচারী। যারা বলেন- এ কথা বলার আগে তাদের লজ্জা হওয়া উচিত। আমার তো শেখ মুজিবুর রহমানকে ছোট করি না। যার যা অবদান তাকে তার সম্মান দিতে হবে।

তিনি বলেন, স্বাধীনতার চিন্তা আওয়ামী লীগের কখনোই ছিল না। তারা তো পূর্ব পাকিস্তানের স্বায়ত্বশাসনে বিভোর ছিল। তাদের নেতা তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। মুক্তিযুদ্ধে তো ধানাই পানাই করার সুযোগ নেই। এদেশের ছাত্রসমাজের বিশাল অবদান স্বাধীনতা যুদ্ধে রয়েছে। অনেকেই জীবন উৎসর্গ করেছেন।

মেজর হাফিজ বলেন, মুক্তিযুদ্ধে তিন জনকে আমি রোল মডেল মানি। এরা হলেন- তাজউদ্দীন আহমদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ডা. জাফরুল্লাহ চৌধুরী। এরা ছিলেন প্রকৃত মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর দেখা গেলো তার ব্যাংক একাউন্টে একটি টাকা নেই। আজকে মুক্তিযুদ্ধের নানান রকম গল্প-কাহিনী শোনান অনেকে। আমরা জীবন হাতে নিয়ে যুদ্ধ করেছি। আর আমাদেরকেই বলা হয় বেতনভুক্ত কর্মচারী! জিয়াউর রহমান ছিলেন অনুপ্রেরণা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত