ভারত-শাসিত জম্মু-কাশ্মিরে ৩০০ ফুট গভীর একটি খাদে গাড়ি পড়ে ১০ অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিহতরা অভিবাসী শ্রমিক এবং তারা শ্রীনগরের দিকে যাচ্ছিলেন। রাত দেড়টার দিকে গাড়িটি রামবান জেলার ব্যাটারি চেশমা নামক স্থানে ৩০০ ফুট গভীর খাদে পড়লে এই দুর্ঘটনাটি ঘটে। প্রবল বৃষ্টির জন্য মৃতদেহ উদ্ধারের কাজ ব্যাহত হচ্ছে। উদ্ধার কাজে কাশ্মিরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের পাশাপাশি পুলিশও অংশ নিয়েছে।
লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনার কথা জানতে পেরে আমি গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ভুক্তভোগীদের আত্মীয়দের নিয়ম অনুযায়ী সব ধরনের সহায়তা দেওয়ার জন্য আমি জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছি।’
