রমজান মাসে পবিত্র মসজিদুল হারামে গ্রেপ্তার ৪ হাজার

  • ওমরাহের নামে প্রতারণার দায়ে ৩৫টি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে সৌদি সরকার
  • ভিড় কমাতে মুসল্লিদের মসজিদের পরিবর্তে হোটেলের নামাজ কক্ষে ইবাদতের পরামর্শ 
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১২:২১ পিএম

পবিত্র রমজান মাসে অসদাচরণ এবং নেতিবাচক কাজকর্মের দায়ে সৌদি আরবের মক্কা নগরীর মসজিদুল হারাম থেকে ৪ হাজারের বেশি মুসল্লিকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

এ ছাড়া ভুয়া অফার ও ওমরাহ করানোর নামে বিদেশিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৩৫টি প্রতারক প্রতিষ্ঠান চিহ্নিত করে সেগুলো বন্ধ করে দিয়েছে সৌদি সরকার।

রোববার (৩১ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মূলত পবিত্র রমজান মাসে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও যথাযথ নিরাপত্তার সঙ্গে ইবাদত করতে পারেন, সেটি নিশ্চিত করার জন্য সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মসজিদ কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে রমজান মাসে মসজিদুল হারামে মুসল্লিদের ভিড় বেড়েছে বহুকাংশে। ভিড় কমাতে মন্ত্রণালয় মুসল্লিদের মসজিদের পরিবর্তে হোটেলের নামাজ কক্ষে ইবাদত করতে পরামর্শ দিয়েছে। বিশেষ করে পবিত্র রমজান মাসের শেষ দশ দিনে এই নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ, এই সময় ভিড় আরও বাড়ে।

এর আগে রমজানের শুরুতে ওমরাহ্‌ পালনকারীদের ভীর কমাতে সৌদি সরকার একই ব্যক্তির একাধিকবার ওমরাহ পালনে বিধিনিষেধ জারি করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত