‘সৃজিতের স্ত্রী’ পরিচয়ের সুবিধা নেই, অসুবিধা আছে: মিথিলা 

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৩:১৯ পিএম

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে কলকাতায় মুক্তি পেয়েছে ‘ও অভাগী’ সিনেমা, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। সিনেমাটি পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী।

সিনেমাটির প্রস্তুতি প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘ও অভাগী’ মোটেই সহজ চরিত্র নয়। ফলে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছে। অভাগী শহুরে ভাষায় কথা বলে না। তার কথায় আঞ্চলিক ভাষার টান রয়েছে। সেটা অনুশীলন করতে হয়েছে। এ ছাড়া ‘অভাগী’র ‘কাঙালির মা’ হয়ে ওঠার যাত্রাটা তাকেও আবেগপ্রবণ করেছিল।

সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী— এই পরিচয়ের জন্য কি অন্য পরিচালকদের থেকে ছবির প্রস্তাব কম আসে, এমন প্রশ্নের উত্তরে ভারতীয় গণমাধ্যমে মিথিলা বলেন, আমরা পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় বাস করি। তাই এই রকম একটি তকমা (ভাবনা) এই একবিংশ শতাব্দীতেও থাকা খুবই লজ্জাজনক। এটুকুই। তবে আমার মনে হয় না, এই তকমা আলাদা কোনও প্রভাব ফেলছে।

এই পরিচয়টির সুবিধা ও অসুবিধা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এর কোনো সুবিধা নেই। তবে অসুবিধা রয়েছে। কারণ আমার নিজের শক্তিশালী একটা পরিচয় রয়েছে। আমাকে বাংলাদেশে সবাই চেনেন। কারণ আমি অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন উন্নয়ন কর্মী, একজন গবেষণার ছাত্রী। আমার আরও অনেক কাজ রয়েছে। এই বাংলায় (কলকাতা) শুধু আমাকে সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী হিসেবেই দেখা হয়। অবশ্যই আমি তাকে বিয়ে করে এখানে এসেছি। কিন্তু শুধুই এই পরিচয়েই মানুষ চিনছে, সেটা দুঃখজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত