সব ঠিক থাকলে সকালে খেলতে নামবেন মেসি

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১০:৩১ পিএম

পেশিতে চোট পেয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে মেসি। খেলেননি এমএলএসের কয়েকটি ম্যাচ। খেলতে পারেননি আর্জেন্টিনার হয়ে দুটি প্রীতি ম্যাচেও। তাকে নিয়ে কোচ জেরার্দো টাটা মার্তিনো জানিয়েছিলেন, তাদের ভাবনায় কনকাকাফ। তাই মেজর লিগ সকারে মেসিকে ঝুঁকি নিতে চাননি তারা। অবশেষে কাঙ্খিত সেই ম্যাচ এসেছে। মায়ামিসূত্রে জানা গেছে, এ ম্যাচে রয়েছে মেসির ফেরার সম্ভাবনা।

আগামীকাল সকাল ৬টায় কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইন্টার মায়ামি মুখোমুখি হবে মেক্সিকোর শক্তিশালী দল মনটেরের বিপক্ষে। মঙ্গলবার মায়ামির সতীর্থদের সঙ্গে অনুশীলন করতেও দেখা গেছে তাকে। তবে তিনি শুরু থেকে খেলবেন কিনা এখনও নিশ্চিত নয়। সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে কোচ মার্তিনো বলেছেন, ‘আগামীকাল বলতে পারবো মেসি শুরু থেকে খেলবে কিনা। কারণ এখনও আমি জানি না। সে অনুশীলন করেছে আজ। এখনও ২৪ ঘণ্টা বাকি। তার চোট নিয়ে পর্যালোচনা করব। সময়টা আমাদেরকে সামলাতে হবে।’

মার্তিনো যোগ করেন, ‘মনটেরির বিপক্ষে আমাদের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ভাবতে হবে যে আমরা কেবল এপ্রিলের শুরুতে আছি। এ কেবলই শুরু। আমাদের খেলোয়াড়দের শারীরিক অবস্থা ঝুঁকিতে ফেলা উচিত নয়। অন্য যেকোনো খেলোয়াড়ের মতো মেসির জন্য কোনটা ভালো হবে তা মূলত আমরা নির্ধারণ করব এবং সেখান থেকে আমরা সঠিক সিদ্ধান্তই নেব।’

গত ১৪ মার্চ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন আর্জেন্টিনার এ মহাতারকা। তারপর থেকেই মাঠের বাইরে তিনি। শেষ ষোলোয় মেজল লিগের সিনসিনাতিকে ৩-১ এ হারিয়ে কোয়ার্টারে এসেছে মনটেরে। দলটির কোচ ফার্নান্দো ওরতিজের ভরসার নাম সেরা স্কোরার যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ব্র্যান্ডন ভাজকোয়েজ। আসরের সর্বোচ্চ ৪টি অ্যাসিস্ট করেছেন মিডফিল্ডার ম্যাক্সিমিলিয়ানো মেজা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত