গতকাল বৃহস্পতিবার একই দিনে পশ্চিমবঙ্গের কোচবিহারে দুটি পৃথক জনসভা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সভায় তৃণমূলের সমালোচনা করেন নরেন্দ্র মোদি। অন্যদিকে বিজেপির নিন্দা করে সাপকে বিশ্বাস করুন, বিজেপিকে নয়’ বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দুপুরে কোচবিহারের মাথাভাঙ্গার গুমানিরহাট উচ্চবিদ্যালয় ময়দানে জনসভা করেন মমতা। আর বিকেলে কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী মোদি। খবর দ্যা হিন্দু।
রাসমেলা ময়দানের জনসভায় মোদি বলেন, ‘তৃণমূল কংগ্রেস এবং বামদের ভারত জোট এবং মিথ্যা ও গুজবের রাজনীতিতে লিপ্ত। প্রান্তিক জনগোষ্ঠীকে তারা কখনই পাত্তা দেয়নি। এখন যখন বিজেপি সরকার সিএএ এনেছে, তারা গুজব ও মিথ্যা ছড়াচ্ছে।‘
মোদি বলেন, লোকসভা নির্বাচন ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করবে।
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এবার তৃণমূল ভোটদানে বাধা দিলে রুখে দাঁড়ান। মানুষ আপনাদের পাশে আছে। মনে রাখবেন, তারা চাঁদাবাজি, দুর্নীতি আর খুনের রাজনীতি করে। তাই তো তাদের ঘরে ঘরে টাকার পাহাড়। আমি বলি দুর্নীতি হটাও, তারা বলে দুর্নীতিবাজদের বাঁচাও।’
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ একটি কোবরা সাপকে বিশ্বাস করতে পারে, কিন্তু বিজেপিকে নয়।‘
তিনি বলেন, ‘আমরা সিএএ, এনআরসি মানছি না। এ রাজ্যেও কার্যকর করতে দেওয়া হবে না। আপনারা তো এ রাজ্যেরই নাগরিক। আবার কিসের নাগরিকত্ব? ওই নাগরিকত্বের ফরম পূরণ করলেই আপনারা ফের বাংলাদেশি হয়ে যাবেন। আর এ রাজ্যের কোনো আর্থিক কর্মসূচির আওতায় থাকতে পারবেন না। পাবেন না লক্ষ্মীর ভান্ডার থেকে এ রাজ্যের কোনো সুযোগ–সুবিধা। আপনারা হারাবেন নাগরিকত্ব।’
কোচবিহার থেকে বিজেপি প্রার্থী করেছে নিসিথ প্রামাণিককে যিনি ৫০ হাজার ভোটের ব্যবধানে একই আসন থেকে ২০১৯ লোকসভা নির্বাচনে জিতেছিলেন। অন্যদিকে জগদীশ চন্দ্র বসুনিয়াকে প্রার্থী করেছে তৃণমূল।
