ম্যাচের ১৭ মিনিটে শেফিল্ড গোলকিপার ইভো গ্রাবিচের ভুলে গোল ‘উপহার’ পান লিভারপুল ফরোয়ার্ড ডারউইন নুনেজ। গ্রাবিচ বল ক্লিয়ার করতে অনেক বেশি সময় নেন৷ আর সেটাই সুযোগ হিসেবে কাজে লাগান নুনেজ। তিনি গোল কিপারের দিকে ছুটে আসছেন। তা দেখে গোলকিপার গ্রাবিচ তা ক্লিয়ার করতে যান। কিন্তু সেটা নুনেজের গায়ে লেগে শেফিল্ডের জাল স্পর্শ করে। যা দেখে মনে হয়েছিল এটা কোনো হরর মুভির দৃশ্য।
প্রিমিয়ার লিগে কাল রাতে শেফিল্ডের বিপক্ষে লিভারপুল পায় ৩-১ গোলের জয়। সেখানেই এমন দুর্দান্ত গোল করেন নুনেজ।
এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল। বিরতির পর ৫৮ মিনিটে কনর ব্রাডলির আত্মঘাতী গোলে সমতায় ফিরতে বাধ্য হয় ইয়র্গেন ক্লপের শিষ্যরা।
ম্যাচে তখন ৭৬ মিনিট। দুই দল ১-১ গোল সমতায়। বক্সের ভেতর শেফিল্ডের এক খেলোয়াড়ের পায়ে লেগে একদম ‘ডি’-এর মাঝে বল পেয়ে যান ম্যাক অ্যালিস্টার। প্রায় ২০ গজ দূর থেকে ডান পায়ে নেওয়া তার শটটি দেখে তাকিয়ে থাকতে হয়। রকেট লঞ্চার যে গতিতে যায়, বলটির গতি তার চেয়ে কোনো অংশে সম্ভবত কম ছিল না! পেছনে একটু দূরে দাঁড়িয়ে থাকা লিভারপুল সেন্টারব্যাক ইব্রাহিম কোনাতের গোলটি দেখে তো মাথায় হাত।
৯০ মিনিটে শেষ গোলটি কোডি গাকপোর। এই জয়ে ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরল লিভারপুল। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আর্সেনাল। ম্যানচেস্টার সিটি ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয়। তিনটি দলই আর ৮টি করে ম্যাচ খেলবে।
