ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সম্প্রতি ক্রিকেট মাঠে নেমেছিলেন ব্যাট হাতে। কিংবদন্তি ইংলিশ পেসার বোলার জেমস অ্যান্ডারসনের তোপ তিনি সামলেছেন মাঠে।
শুক্রবার ক্রিকেটার ও প্রধানমন্ত্রীর এই লড়াই অনুষ্ঠিত হয়। ঋষি সুনাক তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার করেছেন। সেই পোস্টের ক্যাপশনে প্রশ্ন রেখেছেন ইংল্যান্ড ক্রিকেট দলে ডাক পাওয়ার জন্য তিনি প্রস্তুত কিনা।
তিনি লিখেছেন 'আমি কি ইংল্যান্ডের ক্রিকেট দলে ডাক পাওয়ার জন্য প্রস্তুত?'
যার উত্তরে ইংল্যান্ড ক্রিকেটের অফিসিয়াল অ্যাকাউন্ট প্রতিক্রিয়া জানায়, 'কেন নয়, তবে প্রয়োজন আরও কয়েকটি নেট সেশন।'
ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী ও অ্যান্ডারসন বন্ধুত্বপূর্ণ বাক্য বিনিময় করছেন, সুনাক অভিজ্ঞ বোলারকে জিজ্ঞাসা করছেন যে তিনি যেতে প্রস্তুত কিনা। জবাবে অ্যান্ডারসন বলেন, 'হ্যাঁ, আমি কয়েকটা বল করব।
জবাবে সুনাক বলেন, 'তাহলে তুমি কি আমার সাথে সহজ হয়ে যাবে? আমরা দেখব পরিস্থিতি কেমন হয়।'
এই কথোপকথনটি সে সময় অন্যরকম আনন্দময় মুহূর্তের সৃষ্টি করেছিল। খেলাধুলার প্রতি প্রধানমন্ত্রীর আবেগ ফুটে তুলেছিল। সঙ্গে দেখা গিয়েছিল কিংবদন্তি পেসারের নিবেদন।
অ্যান্ডারসন, যিনি এখন পর্যন্ত ১৮৭ টেস্ট ম্যাচ খেলে ৭০০ উইকেট শিকার করেছেন। তাকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে বিবেচনা করা হয়।
ক্রিকেটের প্রতি সুনাকের ভালবাসা কোনও গোপন বিষয় নয় এবং তিনি সম্প্রতি যুক্তরাজ্যের তৃণমূল ক্রিকেটের উন্নয়নের জন্য ৩৫ মিলিয়ন পাউন্ডের সহায়তার ঘোষণা দিয়েছেন।
৯ লাখেরও বেশি তরুণকে খেলাধুলায় সম্পৃক্ত করতে সহায়তা করার লক্ষ্যে এই বিনিয়োগ করা হচ্ছে, যা পরবর্তী প্রজন্মের ক্রিকেট প্রতিভা লালনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির একটি প্রমাণ। তার ঘোষণাটিএ এসেছে এমন সময় যখন ইংল্যান্ড ও ওয়েলস ২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০৩০ সালে পুরুষদের টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
