দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা। আজ রবিবার (৭ এপ্রিল) সকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে স্বাগত জানান।
তার সফরে দুই দেশের মধ্যে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও ক্রীড়া খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। এই সফরে কৃষি ও প্রতিরক্ষা খাতে দুটি এমওইউ সইয়ের বিষয়ে কথা হলেও তা এখনো চূড়ান্ত হয়নি।
দুপুরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন। এরপর সোয়া ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠক হবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে। বিকাল পৌনে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে মাউরো ভিয়েরার দ্বিপক্ষীয় বৈঠক হবে। ওই বৈঠক শেষে চুক্তি ও এমওইউ সই হওয়ার কথা।
আগামীকাল সোমবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় আসছে। ব্রাজিলের ব্যবসায়ী প্রতিনিধিদল এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করবে। ব্রাজিল বাংলাদেশে কম দামে গরুর মাংস রপ্তানির আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে আলোচনা হতে পারে।
