টানা ২৪ ঘণ্টার ভারি বর্ষণে অস্ট্রেলিয়ার সিডনি শহরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুর্যোগ এড়াতে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের শহরটি থেকে সরে গেছেন শতাধিক মানুষ। এছাড়া শহরটিতে পানির মূল উৎস ওয়ারাগাম্বা বাঁধ উপচে বন্যা পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে পড়েছে। খবর বিবিসির।
এর আগে শুক্রবার ভারি বর্ষণের পর সিডনির নিচু এলাকাগুলো থেকে লোকজন সরিয়ে নেয় কর্তৃপক্ষ। বন্যায় আটকা পড়া আরও অন্তত ১৫০ জনকে উদ্ধার করা হয় শনিবার। এদিন সিডনির পশ্চিমে পেনরিথ এলাকা থেকে একটি মরদেহও উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বন্যায় হাজার হাজার মানুষের বিদ্যুৎ সংযোগ কাটা পড়েছে। বন্ধ হয়েছে ট্রেন চলাচল, কিছু রাস্তাও তলিয়ে গেছে। ভূমিধসে আটকে গেছে সিডনির একটি মূল রাস্তা। আটকা থাকা এলাকার মানুষদের জন্য ত্রাণ পাঠানো হতে পারে বলে জানা গেছে। এছাড়া সিডনির দক্ষিণে উলংগং শহরে প্রচুর ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বন্যায়।
নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দুই দিনে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বাড়তে পারে হকেসবারি এবং নেপিয়ান নদীর পানি।
নিউ সাউথ ওয়েলস স্টেট ইমার্জেন্সি সার্ভিস কমিশনার কারলিন ইয়র্ক সাংবাদিকদের বলেন, আমরা মনে করি উপচে পড়া পানি এখনো উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি করেনি। তবে সবাইকে আগামী দু-এক দিন সচেতন হতে হবে। স্থানীয় বাসিন্দাদের বন্যা সতর্কতা দেওয়া হয়েছে।
