দীর্ঘদিন পর এমএলএসে কলোরাডোর বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন মহাতারকা লিওনেল মেসি। ম্যাচের একেবারে শেষ দিকে এক তরুণী গ্যালারি থেকে দৌড়ে যান মাঠে। তোলেন নিজের আদর্শ প্রিয় তারকার সঙ্গে সেলফি। সবাইকে অবাক করে দেওয়া সেই তরুণীর নাম আন্তোনেলা সিগার্ট। তিনি জানিয়েছেন কীভাবে মেসির মহানুভবতায় আপ্লুত হয়েছেন। নিরাপত্তারক্ষীদের থেকে বাঁচানোর জন্য মেসি তাকে পরামর্শও দেন।
মায়ামি-কলোরাডো ম্যাচের যোগ করা সময়ের খেলা চলছে। সেই সময়ে সবাইকে অবাক করে দিয়ে মাঠে দৌড়ে যান আন্তোনেলা। এমনকি মেসির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ইয়াসিন চিউকুর শান দেওয়া দৃষ্টিকেও ফাঁকি দিতে সমর্থ হন এ তরুণী। মায়ামির জার্সি পরা অ্যান্তোনেলা নিজেও ফুটবল খেলে থাকেন। তার টিকটক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম আন্তোনেলা.সকার। ম্যাচশেষে তিনি জানান, ‘আমি ভীষণ খুশি। নিরাপত্তারক্ষীরা যখন আমাকে ধরে ফেলে তখন পুরো স্টেডিয়াম আমার জন্য তালি দিচ্ছিল, কেননা আমি অনেক জোরে দৌড়েছিলাম।’
মেসির সঙ্গে নিজের কথপোকথন কি হয়েছিল জানান আন্তোনেলা । বলেন, ‘তিনি (মেসি) ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলেন এবং আমাকে উপদেশ দেন দৌড়ে নিরাপদে যেতে।’ মায়ামির চেজ স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
মেসি ফ্লোরিডার ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে মাঠে সমর্থকদের অনুপ্রবেশের এ ঘটনা ঘটেই চলেছে। বরাবরের মতোই ফুটবলের মহাতারকা ছবি তুলে খুশি করে দেন তার ভক্তকুলকে। আন্তোনেলা নিজের অ্যাকাউন্টে এই মুহূর্তের জন্য মেসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে লিখেছেন, ‘ধন্যবাদ লিও মেসি এতটা বিনয় প্রদর্শনের জন্য, আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটুকু উপহার দিতে সম্মত হওয়ার জন্য।’
