কাপল ভ্লগারদের অনলাইন ভালবাসা বনাম রিয়েল লাইফ কাপলদের ক্রাইসিস নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘কুড বি আস!’। এটি নির্মাণ করেছেন ‘নাগরিক’, ‘আমি কে?’, ‘হোমওয়ার্ক’, ‘এখানে তো কোন ভুল ছিল না’ নাটক দিয়ে আলোচনা পাওয়া নির্মাতা শেখ নাজমুল হুদা ঈমন।
তিনি জানান, একদমই ভিন্নধর্মী একটা গল্প। আমরা আসলে অন্যের ভালোবাসা কিংবা সুখ দেখে নিজের সুখ মাপার চেষ্টা করি। কিন্তু একেকজনের ভালোবাসার বহিঃপ্রকাশ তো একেকরকম। কাপল ভ্লগারদেরকে দেখে অনেক সময় বাস্তবের কাপলরা ভাবেন যে, তারা কত সুখী! তারা কত মিষ্টিভাবে ভালোবাসা প্রকাশ করে কিন্তু বাস্তবের কাপলরা সেটা নিয়ে ইনসিকিউরিটিতে ভুগে। এরকমই গল্পটা। একটা সময় গিয়ে দেখা যাবে আসলে সমস্যাটা কোথায়!
নাটকটিতে অভিনয় করেছেন পারসা ইভানা, সাব্বির অর্নব, শ্ব্বাশ্বত দত্ত, শেগুফতা আহমেদ জারবীনি সহ অনেকেই। আজ সোমবার সন্ধ্যা ৭টায় নাটকটি ক্লাব ইলেভেন ইন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
