কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে মনটেরের বিপক্ষে মায়ামির ম্যাচে মাঠের খেলার বাইরেও বেশ ঘটনা ঘটে। ডেভিড রুইজের লাল কার্ডের সঙ্গে সেই ম্যাচে মায়ামির আরও ছয় খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান রেফারি। ইনজুরির কারনে ডাগআউটে বসে থাকা লিওনেল মেসিকেও দেখা যায় বিরক্তি প্রকাশ করতে।
সেই সময়ের ঘটে যাওয়া নানা ঘটনা বর্ণনা করতে গিয়ে মেসি ও জেরার্দো টাটা মার্তিনোকে অপমানসূচক অনেক কথা বলেন মনটেরের সহকারী কোচ নিকোলাস সানচেজ। তার ভিডিও পরে ফাঁস করে ফক্স স্পোর্টস এমএক্স। মূলত রেফারির সঙ্গে মেসির কথা বলা পছন্দ হয়নি তাদের। এ নিয়ে সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝাড়েন মনটেরের প্রধান কোচ ফার্নান্দো ওর্তিজও।
আমি তার সঙ্গে অসম্মানজনক আচরণ করেছি, এর জন্য ক্ষমা চাচ্ছি। আমিও তাদের সবার মতো একজন আর্জেন্টাইন।
-নিকোলাস সানচেজ
সেই ভিডিওতে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন নিকোলাস। ওই ভিডিওতে সানচেজকে বলতে শোনা যায়, ‘ও (মেসি) একটা বামন, চেহারা শয়তানের মতো।’ পরে সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে মার্তিনোর কাছে ক্ষমা চেয়ে সানচেজ বলেছেন, 'যেহেতু আমি জেরার্দো মার্তিনোকে চিনি না এবং আমি তার সঙ্গে অসম্মানজনক আচরণ করেছি, এর জন্য ক্ষমা চাচ্ছি। আমিও তাদের সবার মতো একজন আর্জেন্টাইন। আর সব সময় চাইব ক্লাবের পাশে থাকতে। কারণ এখানে আমি দায়িত্ব নিতে এসেছি।'
আগামী বুধবার দ্বিতীয় লেগের ম্যাচে মন্টেরের মাঠে খেলবে মায়ামি। সেই ম্যাচে খেলার কথা রয়েছে মেসির। মেজর লিগ সকারে কলোরাডোর বিপক্ষে ২-২ গোল ড্র হওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন অধিনায়ক। আশা করা যাচ্ছে মন্টেরের বিপক্ষে শুরু থেকেই খেলবেন তিনি।
