পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখলো উত্তর আমেরিকার বাসিন্দারা। স্থানীয় সময় গতকাল সোমবার (৮ এপ্রিল) মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে এই সূর্যগ্রহণ দেখা গেছে। একে ‘গ্রেট নর্থ আমেরিকান এক্লিপস’ও বলা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, প্রথম আংশিক সূর্যগ্রহণ দেখা যায় মেক্সিকোর পশ্চিম উপকূল থেকে। পরে মেক্সিকোর উপকূলীয় শহর মাজাটলান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। এ সময় দিনের বেলাতেও কিছুক্ষণের জন্য সেখানে আঁধার নেমে আসে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অনেক স্থান থেকে সূর্যগ্রহণ দেখা যায়। তবে সবখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়নি।
তিন দেশের যেসব অঞ্চল থেকে সূর্যগ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে, সেসব এলাকায় কয়েক দিন ধরেই ভিড় করছিলেন কৌতূহলী ও উৎসুক মানুষজন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে, প্রায় চার কোটি মানুষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্বচক্ষে দেখতে বিভিন্ন এলাকায় সমবেত হয়েছিলেন।
এর আগে কানাডায় এ রকম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ১৯৭৯ সালের ২৬ ফেব্রুয়ারি। মেক্সিকোতে ১৯৯১ সালের ১১ জুলাই ও যুক্তরাষ্ট্রে শেষ এ রকম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০১৭ সালের ২১ আগস্ট।
সূত্র: বিবিসি ও রয়টার্স।
