‘আমরা যেন শঙ্কামুক্ত জীবন যাপন করতে পারি’

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৮:১২ পিএম

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা যেন নিরাপত্তাহীনতা ও শঙ্কার মধ্যে না থাকি। শঙ্কামুক্তভাবে জীবনযাপন করতে পারি।’ 

শ্রম আইন লঙ্ঘণের মামলায় সাজাপ্রাপ্ত গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের জামিন আগামী ২৩ মে পর্যন্ত বর্ধিত করেছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাজার বিরুদ্ধে আসামিপক্ষের করা আপিলের ওপর শুনানির জন্য একই তারিখ (২৩ মে) ধার্য করেছে আদালত। 

দুই পক্ষের আইনজীবীদের শুনানি নিয়ে আজ মঙ্গলবার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ আউয়াল এ আদেশ দেন। এ মামলায় হাজিরা দিতে বেলা ১১টার দিকে রাজধানীর কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালের এজলাসে আসেন ড. ইউনূসসহ চারজন। শুনানি শেষে আদেশের পর সাড়ে ১১টার কিছু পরে তারা আদালত অঙ্গণ ত্যাগ করেন।

আদালত থেকে বেরিয়ে ড. ইউনূস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এই নতুন বছর যাতে শান্তিপূর্ণ হয়, আমরা নিজেদেরকে যেন নতুন করে আবিস্কার করতে পারি। তরুণ সম্প্রদায়কে তাদের সুন্দর ভবিষ্যত গড়ার স্বপ্ন দেখাতে পারি। শান্তিময় পরিবেশে বসবাস করতে পারি। সমস্ত জাতিকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারি। এর জন্য আমরা সবাই মিলে একত্রে চেষ্টা করি সেটাই আমার প্রার্থনা, এটাই দেশবাসীর প্রতি আমার আবেদন।’

তিনি বলেন, ‘আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি এবং সুন্দরভাবে বাস করি। আমরা কেউ যেন নিরাপত্তাহীনতায় মধ্যে না থাকি, শঙ্কার মধ্যে না থাকি। শঙ্কামুক্তভাবে জীবনযাপন করতে পারি। আইনের শাসনের মধ্যে জীবনযাপন করি। আমরা যেসমস্ত স্বপ্ন বাস্তবায়ন করতে চাই যার যার মতো করে বিশেষ করে তরুণদের মনে যে সমস্ত স্বপ্ন আছে এবং আরও স্বপ্ন আসবে সেই স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি আমরা যেন তাদের সহায়তা করতে পারি।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত