কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জয়নাবাদ গ্রামে গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোর কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো কুমারখালীর পৌর এলাকার শামীম হোসেনের মেয়ে মোছা. সেফা (১৭) এবং জয়নাবাদ গ্রামের আলমগীর হোসেনের ছেলে শাহাজাদা (১২)। নিহতরা পরস্পর মামাতো ফুফাতো ভাই বোন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নানা বাড়িতে বেড়াতে এসে কুমারখালী থানাধীন চাপড়া ইউনিয়নের জয়নাবাদ গ্রামের জামে মসজিদের পাশে গড়াই নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) আকিবুল ইসলাম। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
