সংগীতশিল্পী বেবী নাজনীনের মা মারা গেছেন। বুধবার এই গায়িকার মা আবিদা মনসুর মারা গিয়েছেন। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। জানা যায়, সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বেবী নাজনীনের ভাই এনাম সরকার।
এনাম বলেন, ‘আমার মা দীর্ঘদিন ধরেই কিডনিসহ বেশ কিছু জটিলতায় ভুগছিলেন। কয়েক বছর ধরে হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া বার্ধক্যজনিতও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সর্বশেষ ঈদের আগে মায়ের শারীরিক অবস্থা আরও গুরুতর হয়। তার পর থেকে মাকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। এর মধ্যেই গতকাল সকাল আটটার দিকে মা আর সিসিইউ থেকে ফেরেননি।’
গুলশানের একটি মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এনাম জানান, আগামী শনিবার তাঁর মায়ের জন্মস্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হবে। একই দিন গুলশান–২–এ তাঁদের মায়ের বাড়িতে পারিবারিকভাবে কুলখানির আয়োজন করা হবে।
বেবী নাজনীন সন্তান হিসেবে ছিলেন সবার বড়। তাঁরা তিন বোন ও এক ভাই। এনাম জানান, বেবী নাজনীন বর্তমানে পেশাগত কাজে যুক্তরাষ্ট্র থেকে জাপানে গিয়েছেন। যাওয়ার পথেই মায়ের মৃত্যুসংবাদ পান এই গায়িকা। জানা যায়, জাপান থেকেই তাঁর ঢাকা ফেরার কথা রয়েছে। বেবী নাজনীনের বাবা মনসুর সরকার জাতীয় বেতার ও টেলিভিশনের একজন বিশেষ শ্রেণির যন্ত্রশিল্পী ছিলেন। তিনি ২০১৬ সালে প্রয়াত হন।
প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ আইসিইউতে
পরীমণিকে নিয়ে সংবাদ করার ক্ষেত্রে সংযত থাকতে বললেন আইনজীবী
ওয়েবে জুটি বাঁধছেন তাহসান-মিথিলা!