২০১৩ সালের ৬ জানুয়ারি, ভারতের মাটিতে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ খেলেছিল পাকিস্তান। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ড্র হলেও সেই সফরে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিল পাকিস্তান। তারপর থেকে কুটনৈতিক বৈরিতায় আর কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকাঙ্খিত ম্যাচ উপহার দেওয়া দেশ দুটি। তবে কথা চলছে অস্ট্রেলিয়ায় দুই দেশের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ হওয়া নিয়ে। এমনটা ঘটলে ‘দুর্দান্ত’ হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় নিয়মিত হলে বিষয়টি পছন্দ করবেন বলে ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে রোহিত মন্তব্য করেন। বলেন, ‘টেস্ট ক্রিকেটের ভালোর জন্য বিদেশের মাটিতে দুই দলের সিরিজ হলে উভয়েই উপকৃত হবে। তারা খুব ভালো দল। তাদের বোলিং লাইনআপ অসাধারণ। তাই দারুণ প্রতিদ্বন্দ্বিতাও হবে, বিশেষ করে বিদেশি কন্ডিশনে। পুরো বিষয়টা দুর্দান্ত হবে।’
এতদিন দুই দেশের মধ্যকার সিরিজ নিয়ে প্রশ্ন উঠলেই সরকারি সিদ্ধান্তের ওপর জবাব চাপিয়ে দিতেন ভারতীয় ক্রিকেটের কর্তারা। রোহিত শর্মাই প্রথম ব্যক্তি যিনি এ ব্যাপারে প্রকাশ্যে মন্তব্য করলেন। রোহিত বলেন, ‘আমি শুধু নিখাঁদ ক্রিকেটে নিয়েই বলছি, ব্যাট-বলের খেলা নিয়ে। দিনশেষে আমরা প্রতিদ্বন্দ্বিতা চাই। আমার মনে হয় দুই দেশের মধ্যে খেলা হলে সেখানে বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে।’
