ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে শিল্পী সমিতির ভোটাধিকার হারিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন অভিনেতা শ্রাবণ শাহ। যাচাই বাচাই শেষে অবশ্য ফিরে পান শিল্পী সমিতির সদস্যপদ। ভোটাধিকার ফিরে পেয়ে ঘোষণা দেন শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হবেন। দুই হেভিওয়েট প্রার্থী মনোয়ার হোসেন ডিপজল ও নিপুণ আক্তারের সঙ্গে সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন মাত্র একটি ভোট। সেটাও তার নিজের।
শনিবার (২০ এপ্রিল) সকাল সাতটার দিকে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। তার ঘোষিত ফলাফল থেকে জানা যায়, শ্রাবণ মাত্র একটি ভোট পেয়েছেন। ধারণা করা হচ্ছে, এটি তার নিজেরই ভোট। তার উপর চলচ্চিত্র শিল্পীদের কেউ আস্থা রাখেননি।
নির্বাচনের কিছুদিন আগে শ্রাবণ অভিযোগ করেছিলেন নিপুণ তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য ভোটার তালিকায় নাম রাখেননি। সদস্যপদ ফিরে পেয়ে অনেকটা জেদ করেই নির্বাচনে সেক্রেটারি পদে অংশ নিয়েছিলেন শ্রাবণ। তার এই সিদ্ধান্ত যে শিল্পীরা ইতিবাচকভাবে গ্রহণ করেননি তার প্রমাণ মিললো ভোটের বাক্সে।
সর্বশেষ কাজী হায়াৎ পরিচালিত ‘জয় বাংলা’ সিনেমায় অভিনয় করেছেন শ্রাবণ। তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে তোকে ভালোবাসতেই হবে, ইঞ্চি ইঞ্চি প্রেম, দাবাং, অশান্ত মেয়েসহ একাধিক ছবি।
চলচ্চিত্রের পাশাপাশি অভিনেত্রী নাসরিনের সঙ্গে স্টেজ শো-এর পরিচিত মুখ শ্রাবণ শাহ। বছর জুড়ে শ্রাবণ ও নাসরিন জুটি বেঁধে বিভিন্ন স্টেজ শোতে পারফর্ম করে থাকেন।