মেজর লিগে সকারে বাংলাদেশ সময় কাল ভোরে নিজেদের মাঠে ইন্টার মায়ামি খেলবে ন্যাশভিলের বিপক্ষে। এমএলএস এ ইস্টার্ন কনফারেন্সে ৯ ম্যাচে ১৫ পয়েন্টে শীর্ষে আছে মায়ামি। শীর্ষ স্থান ধরে রাখতে জিততে হবে মেসি-সুয়ারেজদের।
এই দুই দলের সবশেষ দেখা হয়েছিল কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে। প্রথম লেগে ২-২ ড্রয়ের পর নিজেদের মাঠে দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতেছিল মায়ামি। ন্যাশভিলের বিপক্ষে দুই এই ম্যাচেই গোল পেয়েছিলেন লিওনেল মেসি।
ন্যাশভিলের বিপক্ষে মেসি খেলবেন শুরু থেকেই। মায়ামি কোচ জেরার্দো মার্তিনো এমনই আভাস দিয়েছেন।
মার্তিনো বলেন, 'মেসিকে নিয়ে এখন বিশেষ কোন পরিকল্পনা নেই। আগামী কয়েক সপ্তাহ সে নিয়মিতই খেলবে। আমার মনে হয় না মেসির জন্য বিশেষ কোন পরিকল্পনার দরকার আছে। তিনি ভালোই আছেন। এখন যেভাবে খেলছে সেভাবেই খেলে যাবে।'
মেসি খেললেও ন্যাশভিলের বিপক্ষে থাকছেন না জর্ডি আলবা। 'জর্ডির পেশিতে ইনজুরি আছে। সে এই ম্যাচে খেলতে পারবে না। পরের ম্যাচেও না।'
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নিয়েছে মায়ামি। ফলে খেলোয়াড়দের বদল করে, বিশ্রাম দিয়ে খেলানোর আর প্রয়োজন মনে করেন না মার্তিনো। 'এখন দল একটি প্রতিযোগিতাতেই খেলছে। ফলে প্রতি ছয়-সাত দিনে একটি করে ম্যাচ আমাদের। ফলে এখন কাউকে বিশ্রামে রাখার প্রয়োজন নেই।'
