সেই স্বেচ্ছাসেবক লীগ নেতার শটগান থানায়

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৮:১৬ পিএম

গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শনকারী সেই স্বেচ্ছাসেবকলীগ নেতার শটগান উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রেজাউল করিম।

গতকাল শনিবার সকালে স্থানীয় দেশীপাড়ার হারুন অর রশিদ ও তার স্বজনরা পারিবারিক জমি মাপজোখ করতে গেলে ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতিপ্রার্থী রাশেদুজ্জামান মাসুম শটগান তাক করে জমি মাপতে বাধা দেন। এ সময় তিনি প্রতিপক্ষের হারুনকে গুলি করে বুক ফুটো করে দেওয়ার হুমকি দেন। শনিবার দৈনিক দেশ রূপান্তরে এ ঘটনার সচিত্র খবর প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে।

জিএমপি সদর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রেজাউল করিম বলেন, ওই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। আমরা ইতিমধ্যেই অস্ত্রটি উদ্ধার করেছি। এটি তার (মাসুমের) লাইসেন্স করা অস্ত্র। কিন্তু প্রকাশ্যে ওই অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে গুলি করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তার অস্ত্রের লাইসেন্স বাতিলের জন্য আমরা জেলা প্রশাসকের কাছে আবেদন জানাচ্ছি। একইসঙ্গে আদালতের অনুমতি সাপেক্ষে সাধারণ ডায়েরী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত