জি৭ জোটকে ধন্যবাদ জানাল ফিলিপাইন

  • ফিলিপাইনকে সমর্থন করে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের বিরোধিতা জানিয়েছে জি৭ জোট
  • জি সেভেন পররাষ্ট্রমন্ত্রীদের সমর্থনমূলক বিবৃতিকে স্বাগত জানিয়েছে ফিলিপাইন
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০২:৫৮ পিএম

বিগত কয়েক মাস ধরেই দক্ষিণ চীন সাগরে জলসীমা নিয়ে তীব্র বিরোধ চলছে চীন ও ফিলিপাইনের মধ্যে। এমনকি বেশ কয়েকবার বিতর্কিত জলসীমায় মুখোমুখি সংঘর্ষেও জড়িয়ে পড়েছিল দেশদুটি।

তবে বরাবরই এই সাংঘর্ষিক অবস্থার জন্য ফিলিপাইনকে দায়ী করে থাকে চীন। এমন অবস্থায় ম্যানিলার পাশে দাঁড়িয়েছে উন্নত অর্থনীতির সাতটি বড় দেশের গ্রুপ জি সেভেন জোট।

ফিলিপাইনকে সমর্থন জানিয়ে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিকীকরণ এবং ভয় দেখানোর কার্যকলাপের বিরোধিতা জানিয়েছে জি৭ জোট। আর জি সেভেনের সমর্থনে জোটটিকে ধনবাদ জানিয়েছে ফিলিপাইন।

ফিলিপাইনভিত্তিক গণমাধ্যম ফিলিস্টার গ্লোবাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি দক্ষিণ চীন সাগরে চীনের "ভিত্তিহীন এবং বিস্তৃত" দাবি প্রত্যাখ্যান করতে এবং সমুদ্রে চীনের "অবৈধ কার্যকলাপ" বন্ধ করার জন্য আহ্বান জানায় জি সেভেন জোট।

জি সেভেন পররাষ্ট্রমন্ত্রীদের বিবৃতিকে স্বাগত জানিয়েছে ফিলিপাইনের ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স (ডিএফএ)।

এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র অধিদপ্তর জানায়, "আমরা চীনের ভিত্তিহীন এবং বিস্তৃত দাবি প্রত্যাখ্যান করার জন্য জি৭ এর সমর্থনের প্রশংসা করি এবং চীনকে তার অবৈধ কার্যকলাপ বন্ধ করার জন্য আহ্বান জানাই। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের জাহাজের বিরুদ্ধে চীনের উপকূলরক্ষী এবং নৌবাহিনীর বিপজ্জনক কৌশল এবং জলকামান ব্যবহার বন্ধের আহ্বান জানাই।   

পূর্ব এশিয়ার দেশ চীন তার প্রতিবেশীদের উপকূলের কাছাকাছি সমুদ্রসীমা এবং দ্বীপগুলোকে ঘিরে থাকা প্রায় সমগ্র দক্ষিণ চীন সাগরের দাবি করে। সাম্প্রতিক কয়েক মাসে বিতর্কিত জলসীমায় ফিলিপাইন এবং চীনা জাহাজগুলির মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে, যার মধ্যে জল কামানের ব্যবহার করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত