বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে প্রায় অর্ধশতাধিক যাত্রী রেখেই ছেড়ে গেছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন।
সোমবার (২২ এপ্রিল) নির্ধারিত সময়ের এক ঘণ্টার পর চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন এসেছিল সান্তাহার জংশন স্টেশনে। প্লাটফর্মে যাত্রীদের উঠা নামার জন্য পাঁচ মিনিট ট্রেন দাঁড়ানোর নিধার্রিত সময় থাকলেও ট্রেনটি এর আগেই চলে যায়।
আনিকা তাবাসসুম নামের রাবির এক শিক্ষার্থী বলেন, আমি রাজশাহীতে যাওয়ার জন্য বরেন্দ্র ট্রেনের টিকেট কেটে প্লাটফর্মে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। ট্রেনটি আসার পর ট্রেনে যাত্রীদের চাপ অনেক বেশি ছিল। ভেতরের যাত্রী নামা এবং নতুন যাত্রী উঠার জন্য পর্যপ্ত সময় না দিয়েই ট্রেনটি ছেড়ে দেয়। স্টেশনের সংশ্লিষ্ট দায়িত্বরপ্রাপ্ত ব্যক্তিগণ বিষয়টি গার্ডকে মৌখিকভাবে ও ইশারা দিয়ে জানালেও ট্রেনটি দাঁড়ায়নি।
সিরাজুল নামের এক যাত্রী বলেন, আমি সান্তাহার থেকে রাজশাহী যাওয়ার জন্য ১২৫ টাকা দিয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি টিকেট কেটে ছিলাম। ট্রেনটি সান্তাহারে ৮টা ৫০মিনিটে আসার সময় থাকলেও ট্রেন এসেছে প্রায় ১০টার দিকে। আর ট্রেনে আজকে প্রচুর যাত্রী ছিল। ট্রেনটি দাঁড়ানোর কিছুক্ষণ পরই ছেড়ে দেয়। এতে আমি যেমন ট্রেনে উঠতে পারি নাই অন্যদিকে অনেকে ট্রেন থেকে নামতেও পারে নাই। এখন রাজশাহী যাওয়ার আর কোনো ট্রেন না থাকায় বিপাকে পড়েছি।
এ বিষয়ে সান্তাহার জংশন স্টেশন মাস্টার হাবিবুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি।
