সুগার ৩২০, এবার জেলে ইনসুলিন পেলেন কেজরিওয়াল

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:২৯ পিএম

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তিহাড় জেলে ইনসুলিন দেওয়া হয়েছে। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (২২ এপ্রিল) রাতে কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রা পৌঁছায় ৩২০-এ। এরপরই তাকে ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত কয়েক দিন ধরেই কেজরিওয়ালকে ঘিরে সুগারবিতর্ক শুরু হয়েছে। তার দল আম আদমি পার্টির (আপ) পক্ষে বার বার অভিযোগ করা হচ্ছে, কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রা প্রয়োজনের তুলনায় বেশি। কিন্তু তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে না। একই অভিযোগ করছেন কেজরিওয়ালও।

রক্তে শর্করার মাত্রা বেশি, ইনসুলিনের প্রয়োজন। জেলে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না— এমন অভিযোগ তুলে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আপপ্রধানের আইনজীবী। আপ নেতার আবেদন ছিল, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার পারিবারিক চিকিৎসকের সঙ্গে প্রতিদিন কথা বলতে দেওয়া হোক।

সোমবার অবশ্য আদালত তার সেই আবেদন খারিজ করে দেয়। তবে তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য দিল্লির এমসকে মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশও দিয়েছিল।

সেই নির্দেশ আসার কয়েক ঘণ্টা পরেই জেলে কেজরিওয়ালের স্বাস্থ্য পরীক্ষা করে দেখে ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রসঙ্গে আপের পক্ষে সৌরভ ভরদ্বাজ বলেন, এ থেকে পরিষ্কার যে আমাদের মুখ্যমন্ত্রী একদম ঠিক ছিলেন। কিন্তু তিহাড় জেল কর্তৃপক্ষ তাকে হুমকি দিচ্ছিল। বিজেপির লোকেরা এখন বলুক, যদি সত্যিই ইনসুলিনের প্রয়োজন না পড়ে, তবে এখন কেন দেওয়া হল?

গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। ইডি হেফাজতে থাকার পর আপাতত দিল্লির মুখ্যমন্ত্রীর ঠিকানা তিহাড় জেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত