মহাসড়কের পাশে পড়েছিল মাথায় ক্ষত, দাঁত উঠানো মৃত হাতি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৬:১৭ পিএম

গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২ নম্বর গেইট এলাক থেকে একটি মৃত হাতি উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ওই উদ্যানের ২ নম্বর গেট এলাকায় মৃত অবস্থায় হাতিটি পড়ে ছিল।

বন্যপ্রাণী বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেনসহ পুলিশের একটি ফরেনসিক টিম, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানা পুলিশ ও টুরিস্ট পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঢাকার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম জানান, সকালে উদ্যানের কর্মকর্তা-কর্মচারীরা মৃত হাতিটি পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়। পরে পুলিশে খবর দিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত হাতিটির মাথায় ক্ষত চিহ্ন, দাঁতগুলো উঠানো দেখতে পাই।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে এই মৃত হাতিটিকে এখানে এনে ফেলে রাখা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকার সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেন বলেন, মৃত হাতিটির বয়স পাঁচ থেকে ছয় বছর হবে। এটি ছিল পুরুষ হাতি। দুপুরে ন্যাশনাল পার্কের পাশে ঘটনাস্থলেই হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম হায়দার ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান যৌথভাবে ময়নাতদন্ত সম্পন্ন করেন। ময়নাতদন্তের পর পাশেই গজারি বনের ভেতর হাতিটিকে মাটি চাপা দেওয়া হয়েছে।

লিভার ডিসফাংশনের কারণে হাতিটি মারা গেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটিরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত