আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৫:০৩ পিএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতিকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। হাইকোর্ট বিভাগ থেকে নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন— বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

আজ বুধবার (২৪ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিচারপতিদের এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে জানানো হয়। এদিকে আজ বেলা ৩টার দিকে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত তিন বিচারককে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। নব নিযুক্ত এই তিন বিচারপতিসহ দেশের সর্বোচ্চ আদালতে এখন বিচারকের দায়িত্ব পালন করবেন প্রধান বিচারপতিসহ ৮ জন। সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পর্যন্ত উচ্চ আদালতের বিচারপতিগণ দায়িত্ব পালন শেষে অবসরে যান।

বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ১৯৫৭ এর ১ জুন জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভূক্ত আইনজীবী হিসেবে ১৯৮২ সালে জেলা ও দায়রা আদালতে এবং ১৯৮৫ সালে হাইকোর্টে আইন পেশা শুরু করেন তিনি। ২০০৩ এর ২৭ এপ্রিল তিনি হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার পর একই বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। আগামী ১ লা জুন তার ৬৭ বছর বয়স পূর্ণ হবে। সে হিসেবে ওই দিন তিনি কর্মজীবন থেকে অবসরে যাবেন।

১৯৫৮ এর ৭ এপ্রিল জন্মগ্রণ করা বিচারপতি মো. শাহিনুর ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জনের পর জুডিশিয়াল সার্ভিসে ১৯৮৩ এর ২০ এপ্রিল মুন্সেফ হিসেবে যোগদান করেন। ২০০১ এর ৩১ জানুয়ারি তিনি জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। ২০১২ এর ২২ মার্চ তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য হিসেবে নিয়োগ পান। ২০১৩ সালের ৫ আগস্ট তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ২০১৭ সালের ১১ অক্টোবর তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি বিচারপতি শাহিনুর ইসলাম হাইকোর্টে ফিরে যান। ২০২৫ এর ৭ এপ্রিল তিনি অবসরে যাবেন।

বিচারপতি কাশেফা হোসেন ১৯৫৮ এর ১ জুলাই জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্বাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইনে স্নাতক ও ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলএম সম্পন্ন করেন। বার কাউন্সিলের তালিকাভূক্ত আইনজীবী হিসেবে তিনি ১৯৯৫ এ জেলা ও দায়রা আদালতে এবং ২০০৩ এর এপ্রিলে হাইকোর্টে আইন পেশা শুরু করেন। ২০১৩ এর ৫ আগস্ট তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে এবং পরবর্তীতে হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ২০২৫ সালের ১ জুলাই তিনি অবসরে যাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত