তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বৈশাখের শুরু থেকেই বগুড়ায় তপামাত্রা বেড়েই চলেছে। তীব্র গরমে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। বোর ধানের ক্ষেতসহ অন্যান্য ফসলের ক্ষেত শুকিয়ে যাচ্ছে। তবুও বৃষ্টির দেখা নেই।
তাই বৃষ্টি প্রত্যাশা করে ‘ইসতিসকার’ নামাজ আদায় করেছেন বগুড়ার গোকুল এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। বুধবার(২৩ এপ্রিল) বেলা আড়াইটায় সদর উপজেলার গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাসীরা নামাজের আয়োজন করেন। এতে বিভিন্ন গ্রামের কয়েকশত মুসল্লি অংশ নেন। নামাজের ইমামতি করেন সদরের গোকুল কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতিব ও শিবগঞ্জের কিচক দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আলহাজ্ব মুহা. আমিনুর রহমান। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় গ্রামবাসীরা কেঁদে কেঁদে বৃষ্টি প্রত্যাশায় দোয়া করেন। স্থানীয়রা বলেন, তীব্র রোদে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে, ফসলের মাঠেও বৃষ্টি নেই, শুধু মানুষ নয় প্রাণীরাও কষ্ট পাচ্ছে, তাই আমরা নামায আদায় করে মহান আল্লাহর দরবারে দোয়া করলাম বৃষ্টির আশায়।
এদিকে গেল কয়েকদিন বগুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রিতে ওঠানামা করছে। বুধবার জেলায় সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
