ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

  • চলতি বছরের এপ্রিল মাসেই কিয়েভের হাতে পৌঁছেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো
  • গতকাল ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তায় সই করেছেন বাইডেন
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১০:৫৯ এএম

রাশিয়ান বাহিনীর সাথে যুদ্ধে এবং রাশিয়াতে হামলার ক্ষেত্রে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে ইউক্রেন। রুশ বাহিনীর আগ্রাসন ঠেকাতে এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে গোপনে যুক্তরাষ্ট্র দিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এ ক্ষেপণাস্ত্রগুলো চলতি মার্চে প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন করা তিনশো মিলিয়ন ডলারের প্যাকেজ সহায়তার অংশ এবং এগুলো চলতি মাসেই কিয়েভের হাতে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর অনুযায়ী রাশিয়ার দখলীকৃত ক্রিমিয়াতে রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে এর মধ্যে অন্তত একবার হলেও এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

বাইডেন এখন ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন। বিলটি ইতোমধ্যেই কংগ্রেসে পাশের পর সিনেটেও অনুমোদিত হয়েছে।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র এর আগে কিয়েভকে মধ্য পাল্লার সামরিক কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা এটিএসিএমএস সরবরাহ করলেও মার্কিন সামরিক বাহিনীর সাথে সমন্বয়ের বিষয়ে কিছুটা উদ্বেগ থাকায় এর চেয়ে শক্তিশালী কিছু দেয়ার বিষয়ে অনিচ্ছুক ছিলো।

তবে শেষ পর্যন্ত বাইডেন গত ফেব্রুয়ারিতে গোপনে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দেয়ার বিষয়ে সবুজ সংকেত দেন, যা তিনশো কিলোমিটার পর্যন্ত দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ভেদান্ত পাটেল বলেন, “আমি নিশ্চিত করে বলতে পারি যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রেসিডেন্টের সরাসরি নির্দেশনাতেই দূরপাল্লার এটিএসিএমএস সরবরাহ করেছে।”

এছাড়া ইউক্রেনের অনুরোধে নিরাপত্তা নিশ্চিতের জন্য এইটি প্রকাশ করা হয়নি বলেও জানান তিনি।

যদিও এটা এখনো পরিষ্কার নয় যে ঠিক কী পরিমাণ ক্ষেপণাস্ত্র কিয়েভকে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন ওয়াশিংটন এ ধরণের আরও অস্ত্র পাঠানোর পরিকল্পনা করেছে।

যুক্তরাষ্ট্রের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, দখলীকৃত ক্রাইমিয়াতে একটি রুশ এয়ারফিল্ডে গত সপ্তাহেই প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কিয়েভ।

এছাড়া রুশ সৈন্যদের দখল করা বার্দিয়ানস্কে গত মঙ্গলবার রাতভর এই নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে নিউইয়র্ক টাইমস খবর দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত