আইপিএলে বিশ্বের নানা প্রান্তের ক্রিকেটারদের মেলা বসে। টুর্নামেন্টটিতে খেলার জন্য মুখিয়ে থাকেন সবাই। এই প্রতিযোগিতাকে অনুসরণ করে অনেক দেশই আয়োজন করছে ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু সেখানে ভারতীয় ক্রিকেটারদের দেখা যায় না। কেন সেটা? জবাবে বীরেন্দ্র শেবাগ মজা করে বললেন, ‘আমরা ধনী মানুষ, তাই গরীব দেশে যাই না...’।
ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার আইপিলের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ ইস্যুতে এভাবেই কৌতুক করে অ্যাডাম গিলক্রিস্টকে এক পডকাস্টে বলেছেন।
শেবাগ বিভিন্ন বিষয়ে হাস্যরসাত্মক মন্তব্যের জন্য সুপরিচিত। তার হাস্যরস প্রায়শই সোশ্যাল মিডিয়া গরম রাখে, যেখানে তিনি ভক্তদের সঙ্গে হালকা আড্ডাও দিয়ে থাকেন। এবার ভারতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার শেবাগ অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে ক্লাব প্রেইরি পডকাস্টের সময় তার এক মন্তব্যের জন্য আলোচিত হন।
পডকাস্টে শেবাগকে প্রশ্ন করলেন গিলক্রিস্ট, ‘আপনি কি এমন একটি সময় দেখতে পাচ্ছেন যখন ভারতীয় খেলোয়াড়রা অন্যান্য টি-টোয়েন্টি লিগে খেলতে যাবে?’ শেবাগের উত্তর ছিল দ্রুত, ‘না, আমাদের দরকার নেই। আমরা ধনী মানুষ, আমরা অন্য লিগের জন্য দরিদ্র দেশে যাই না।’
শেবাগ একটি মুহূর্তও বর্ণনা করেছিলেন, যখন তিনি প্রস্তাবিত অর্থ অপর্যাপ্ত হওয়ার কারণে বিগ ব্যাশ লিগের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, ‘আমার এখনও মনে আছে যখন আমি ভারতীয় দল থেকে বাদ পড়েছিলাম এবং আমি আইপিএল খেলছিলাম। তখন আমি বিবিএল থেকে একটি প্রস্তাব পাই যে আমাকে বিগ ব্যাশে অংশগ্রহণ করতে হবে, আমি বললাম ঠিক আছে কত টাকা, তারা বলল ১ লাখ মার্কিন ডলার।’
মজা করেই বলছিলেন শেবাগ, ‘আমি তখন বলেছিলাম যে, আমি আমার ছুটিতে এই অর্থ ব্যয় করতে পারি, এমনকি গত রাতের বিল তার চেয়েও বেশি ছিল।’
যদিও ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়ে রবিন উথাপ্পা ও ইউসুফ পাঠানকে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা গেছে। এমনকি চেতেশ্বর পূজারা ও পৃথ্বি শ খেলতে গিয়েছিলেন কাউন্টিতে।
