বগুড়া জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে আমিনুল ইসলাম (৪২) নামে এক সেচ পাম্পের মালিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৫ এপিল) সকাল ১০টার দিকে গাবতলী উপজেলার নেপালতলীর বুরুজ গ্রামে এঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩টার দিকে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আমিনুল ইসলাম ওই এলাকার মোজাফফর হোসেনের ছেলে। এঘটনায় হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গাবতলী থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বুরুজ এলাকায় হৃদয় তার নানার জমি দেখাশোনা করেন। সেখানে বৃহস্পতিবার সকালে সেচ পাম্পের মালিক আমিনুল ইসলামের সাথে জমিতে পানি দেওয়া নিয়ে কথাকাটাকাটি হয় হৃদয়ের। এর একপর্যায়ে হৃদয় তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে আমিনুলকে আঘাত করেন। এসময় স্থানীয় লোকজন আমিনুলকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এঘটনার পরেই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক হৃদয়কে আটক করা হয়েছে। নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।
