পেমেন্ট প্রযুক্তিতে বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ পেলেন সাব্বির আহমেদ। বাংলাদেশ ও ভিয়েতনামে ব্যাংকিং ও পেমেন্ট খাত জুড়ে তার ২৭ বছরের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। এখন তিনি ঢাকা অফিসে যুক্ত হওয়ার মাধ্যমে তিনটি দেশে ভিসার সামগ্রিক কার্যক্রমের নেতৃত্ব দেবেন।
সাব্বির আহমেদের নিয়োগের মধ্যদিয়ে নেপাল ও ভুটানের পাশাপাশি, বাংলাদেশের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ভিসা; একই সঙ্গে বাংলাদেশে নিজেদের শক্তিশালী ব্যবসায়িক অবস্থানের ইঙ্গিত দিল প্রতিষ্ঠানটি। বিজনেস পেমেন্ট সল্যুশন প্রোভাইডার (বিপিএসপি) নিয়ে আসার মাধ্যমে এখন ক্ষুদ্র ব্যবসায়ীরাও ভিসা কার্ডে পেমেন্ট নিতে পারবেন। পাশাপাশি, তৃণমূলের জনগোষ্ঠীকে সক্ষম করে তুলছে স্মার্ট ফার্মার্স কার্ড। এখন সাব্বিরের নেতৃত্বে দক্ষিণ এশিয়ায় ডিজিটাল পেমেন্টের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে চায় ভিসা। সাব্বির আহমেদ বাংলাদেশ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ভিসায় যোগদান করেন। সেখানে তিনি ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি এইচএসবিসিতে বাংলাদেশ ও ভিয়েতনামের সিনিয়র লিডারশিপ অবস্থানে কাজ করেন। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতেও (বিএটি) কাজ করেছেন।
