এসটিপি ব্যতীত নতুন ভবন নির্মাণের অনুমোদন মিলবে না: গণপূর্তমন্ত্রী

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১৯ পিএম

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘নতুন ভবন নির্মাণের সময় এসটিপি (সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট) যারা করবে তারাই শুধু অনুমোদন পাবেন, এটা ব্যতীত অনুমোদন মিলবে না। আবর্জনাকে দূর করতে হবে।’

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি অনুষ্ঠানে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়রকেও এ পদ্ধতি বাস্তবায়ন করতে বলেন।

মন্ত্রী বলেন, ঢাকা দূষিত শহরের তালিকায় বিশ্বের এক থেকে তিন নম্বরে। এ অবস্থায় আমরা কেউই শান্তিতে থাকতে পারবো না। দেশের ব্যবসায়ীদের মধ্যেও একটি বড় অংশ মধ্যবিত্ত। তাদের সুবিধাও চিন্তা করতে হবে। দরিদ্র ও ছিন্নমূল মানুষের বিষয়েও প্রধানমন্ত্রী চিন্তা করছেন। যার কারণে তিনি আশ্রায়ণ প্রকল্প গড়ে তুলছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মো. সহিদ উল্যাহ, সাবেক সচিব গোলাম রব্বানী, বিয়াম ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক মিজানুর রহমান, সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক আহসান কবীর, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, পৌর মেয়র নায়ার কবির।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত